নরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২০
সংঘর্ষে তিনটি গাড়িসহ মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
নরসিংদীর মনোহরদী উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনটি গাড়িসহ মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার চালাকচর বাজারে এ ঘটনা ঘটনা ঘটে বলে জানান মনোহরদী থানার ওসি জুয়েল হোসেন।
তবে সংঘর্ষের ঘটনায় আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশ। আহতরা মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন নেতাকর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করেন। এতে সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতাকর্মীরা বাধা দেয়।
এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর পর্যন্ত কয়েক দফা হামলায় উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। এতে জয়নুল আবেদীনের গাড়িসহ অন্তত তিনটি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বিএনপি নেতা জয়নুল আবেদীন বলেন, “বিএনপির তথাকথিত নেতাকর্মীরা শান্তিপূর্ণ প্রোগ্রামে বাধা সৃষ্টি করে। সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
“এটি নতুন নয়, তারা পূর্বেও এমন ঘটনা ঘটিয়েছেন। আমরা আইনের দারস্থ হয়েছি। আশা করি হামলাকারীদের গ্রেপ্তার করে বিচার করা হবে।”
হামলার অভিযোগ অস্বীকার করে সাখাওয়াত হোসেন বকুল বলেন, “আমিসহ আমার দলের সদস্যসচিব এলাকাতেই নাই। অথচ জয়নুল সাহেব যদি এমন অভিযোগ করে থাকেন, তাহলে তিনি মিথ্যা অভিযোগ করেছেন।”
ওসি জুয়েল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।
