লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু
“কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে কাকিনা ইউনিয়নের চাপারতল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনি জানিয়েছেন।
মৃত ১৯ বছর বয়সী মুনাইম শাহরিয়ার সম্রাট কালীগঞ্জের মহিষখোচা এলাকার খোরশেদ আলমের ছেলে। তিনি উত্তর বাংলা কলেজের শিক্ষার্থী ছিলেন এবং দীর্ঘদিন ধরে কাকিনায় নানা বাড়িতে থাকতেন।
কাকিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াছিন আলী বলেন, “বাড়ির পাশে সুপারি পাড়তে গাছে ওঠেন সম্রাট। এক পর্যায়ে গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে থাকা গরুর ঘরের টিনের চালে পা দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যান।
“পরে স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পরিদর্শক ওসমান গনি বলছেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
