২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ‘আধিপত্য বিস্তার নিয়ে’ দুপক্ষের সংঘর্ষে রাজমিস্ত্রী নিহত

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুরে ‘আধিপত্য বিস্তার নিয়ে’ দুপক্ষের সংঘর্ষে রাজমিস্ত্রী নিহত
মাদারীপুরের শিবচরে দুপক্ষের সংঘর্ষে আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2024, 10:45 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

মাদারীপুরের শিবচর উপজেলায় ‘আধিপত্য বিস্তার নিয়ে’ দুই পক্ষের সংঘর্ষে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ছয়জন।

সোমবার বিকালে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্যদত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শিবচর থানার ওসি মো. মোকতার হোসেন।

নিহত হিরু মাতুব্বর (৩৫) ওই এলাকার এসকেন্দার মাতুব্বরের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। 

এ ঘটনায় আহতরা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আর্য্যদত্তপাড়া গ্রামের শাহাদাত মোল্লার সঙ্গে জুয়েল মাদবরের বিরোধ চলছিল। রোববার রাতে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবার বিকালে জুয়েল মাদবরের সমর্থক হিরু আর্য্যদত্তপাড়া এলাকায় যান। এ সময় তাকে একা পেয়ে শাহাদাত মোল্লার লোকজন কুপিয়ে হত্যা করে। পরে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

ওসি মোকতার হোসেন বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।