১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় তিন দিনে ৩৯টি মনোনয়নপত্র উত্তোলন

জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, এখন পর্যন্ত বিএনপি থেকে সর্বাধিক ১৭টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 09:12 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

কুমিল্লায় ১১টি আসনের মধ্যে তিন দিনে ৩৯টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে বলে নির্বাচন কার্যালয় জানিয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বৃহস্পতিবার বিকালে বলেন, এখন পর্যন্ত বিএনপি থেকে সর্বাধিক ১৭টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আটটি, এনসিপি একটি, ইসালামী আন্দোলন বাংলাদেশ দুটি, জাতীয়তাবাদী কৃষক দল একটি, খেলাফতে মজলিস একটি, এলডিপি একটি, বাংলাদেশ কংগ্রেস একটি, গণফ্রন্ট একটি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি একটি এবং স্বতন্ত্র হিসেবে পাঁচটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এদের মধ্যে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপি প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন মনোননয়পত্র সংগ্রহ করেছেন।

নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একজন প্রার্থীর পক্ষে তার সমর্থকরা একাধিক মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন। নিরাপত্তার কারণে কেউ কেউ একই আসনে একাধিক মনোনয়পত্র সংগ্রহ করেছেন। তবে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষেই জানা যাবে কোন দল থেকে কোন আসনে কে চুড়ান্ত প্রার্থী হচ্ছেন।

জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, কুমিল্লা বড় জেলা, এখানে ১৭ উপজেলায় ১১টি আসন। এখানে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। একটি লেভেল প্লেয়িং ফিল্ড ও সুষ্ঠু-সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য যা যা করার দরকার আমরা তা করছি।

প্রার্থীরা প্রচারের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম কিভাবে ব্যবহার করবে সে বিষয়টিও আমরা জানতে চেয়েছি এবং অনলাইন-অফলাইন উভয় ক্ষেত্রে তাদের আচরণবিধি পর্যবেক্ষণ করা হবে।