Published : 04 Sep 2025, 08:19 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক যুবককে হত্যার ১৩ বছর পর একজনকে মৃত্যুদণ্ড ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোমিনুল ইসলাম এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) ওমর ফারুক নয়ন।
মৃত্যুদণ্ড পাওয়া তাওলাদ ওরফে জহিরুল (৪৮) সোনারগাঁ উপজেলার ললাটি এলাকার আফছার উদ্দিনের ছেলে।
যাবজ্জীবন দণ্ড পাওয়ারা হলেন- রূপগঞ্জ উপজেলার মাছিমপুম এলাকার আব্দুল লতিফের ছেলে মিজান (৩৫) ও মোহাম্মদ আলী (৩৮), একই এলাকার মনির উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (৬৫), আব্দুল জলিলের ছেলে হানিফ (৩৬), সিরাজ কেরানীর ছেলে সোহেল (৫০), কামালের সবুজ (৩৫), সাইজদ্দিন মিলন (৪১), নূর মোহাম্মদের ছেলে সেলিম (৪৩), নুরুল হকের ছেলে লেদা ফারুক (৪০), আরজু মিয়ার ছেলে রাসেল (৪০), শামসুল হকের ছেলে মোমেন (৩৮), হানিফার ছেলে সাদ্দাম (৩৩), হাসেমের ছেলে শাহীন (৩৯), নুরুল হকের ছেলে রুহুল আমিন (৩৮), আব্দুল করিমের ছেলে আবুল (৩৮), ব্রাহ্মণগাঁও এলাকার হায়দার আলীর ছেলে গোলজার (৩৯) এবং মীরগদাইল এলাকার পীরবক্সের ছেলে পন্ডিত (৪৩)।
রায় ঘোষণার সময় কেবল মোহাম্মদ আলী আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
নিহত নজরুল ইসলাম বাবু (৩৮) উপজেলার মাছিমপুর গ্রামের জালাল মিয়ার ছেলে।
মামলার বরাতে এপিপি ওমর ফারুক বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০১২ সালের ৩১ মে রাতে একদল লোক বাবুকে বাসা থেকে তুলে নিয়ে রাস্তায় কুপিয়ে হত্যা করে চলে যায়।
ঘটনার পরদিন বাবুর বাবা জালাল বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ২৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র প্রদান করে পুলিশ।
২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ আদালত একজনকে মৃত্যুদণ্ড ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ছয়জনকে খালাস দিয়েছে বলে জানান ওমর ফারুক।
অপর দুই আসামি রায়ের আগে মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।