২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে ফের রাজশাহীতে রেলপথ অবরোধ

এতে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 08:02 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। 

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার দুপুর থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার রেললাইন অবরোধ করেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত ৮টা পর্যন্ত অবরোধ চলছিল। 

এ সময় শিক্ষার্থীরা- ‘সবাই পায় ছয়মাস, আমরা কেন দুইমাস?’, ‘বৈষম্যবিরোধী বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই’, ‘সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই’, ‘আমার ভাই অনশনে, পিএসসি কী করে’ ইত্যাদি স্লোগান দেয়।

আন্দোলনরত শিক্ষার্থী ফারিহা আক্তার বলেন, “আমাদের একটাই দাবি, সেটা হল লিখিত পরীক্ষার সময় পিছিয়ে একটা যৌক্তিক সময় নির্ধারণ করা। আমরা চাই, দ্রুত পড়ার টেবিলে ফিরে যেতে।”

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসলেও পিএসসি তাদের একরোখা মনোভাবই পোষণ করে রেখেছে। গতকাল আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজশাহী রেলওয়ে কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু আজও আমরা ইতিবাচক কোনো সাড়া পাইনি।”

তিনি বলেন, “দ্রুত সময়ে নতুন সময় নির্ধারণ করে পিএসসি থেকে নোটিশ প্রদান করতে হবে। আর তারা তা না করলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে রাজশাহী ও খুলনা পথে একাধিক ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। কপোতাক্ষ, টুঙ্গি, পদ্মা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন রাজশাহী স্টেশনে আটকে আছে। দৌলতপুর স্টেশনেও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”

শনিবার বিকাল পৌনে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত রেলপথ অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের প্রায় ছয় ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।

আরও পড়ুন:

বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ