১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিরোজপুরে ‘বন্ধুর হাতে’ বন্ধু খুন

“জাফরের প্রথম স্ত্রীর সঙ্গে মিজানুরের সম্পর্ক গড়ে ওঠে এবং মিজানুর তাকে বিয়েও করে। এ নিয়ে দুজনের মধ্যে চরম দ্বন্দ্ব সৃষ্টি হয়।”

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2024, 03:40 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এক ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে তার বন্ধু খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভাণ্ডারিয়া থানান ওসি (তদন্ত) মিলন মণ্ডল জানান, উপজেলার পূর্ব মাটিভাঙ্গা গ্রামে বূধবার রাতে এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী লিপি আক্তার বাদী হয়ে ১৪ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

নিহত জাফর আলী খান (৪৫) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উত্তর চড়াইল গ্রামের মুনসুর আলী খানের ছেলে।

ওসি মিলন বলেন, “বুধবার সন্ধ্যার পর পূর্ব মাটিভাঙ্গা গ্রামে একটি জানাজা থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র নিয়ে জাফরের ওপর হামলা করে তার বন্ধু পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে মিজানুর রহমান ও তার সহযোগীরা।

“সেখান থেকে জাফরকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

নিহতের স্ত্রী পলি আক্তার বলেন, “তার স্বামীর সঙ্গে মিজানুরের বন্ধুত্ব ছিল। তারা নিয়মিত একজন আরেক জনের বাড়িতে যাতায়াতও করত। এক পর্যায়ে জাফরের প্রথম স্ত্রীর সঙ্গে মিজানুরের সম্পর্ক গড়ে ওঠে এবং ৩-৪ বছর আগে মিজানুর তাকে বিয়েও করে। এ নিয়ে দুইজনের মধ্যে চরম দ্বন্ধের সৃষ্টি হয়।

“এর জেরে আমার স্বামীকে মিজানুর ও তার লোকজন কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।”

এ ঘটনায় দায়ের করা মামলায় নয়জনের উল্লেখ করা হয়েছে জানিয়ে ওসি মিলন মণ্ডল বলেন, এছাড়া অজ্ঞাত পরিচয় আসামি রয়েছেন আরও ৪-৫ জন। আসামিদের গ্রপ্তারের চেষ্টা চলছে।