১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে আহত ৩

“শিয়ালটি সম্ভবত র‌্যাবিসে আক্রান্ত। এ কারণে পাগলাটে আচরণ করছে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2024, 11:08 AM

Updated : 26 Aug 2026, 10:56 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। 

রোববার রাতে ক্যাম্পাসের পৃথক এলাকায় শিয়ালের আক্রমণের শিকার ওই তিনজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আহতরা হলেন-বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিভাগের শিক্ষার্থী মো. শাহারিয়ার, নিরাপত্তা প্রহরী অজয় হালদার ও দোকানদার আবদুল জব্বার।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান কর্মকর্তা ডা. শামসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাতে তিনজন ব্যক্তি শিয়ালের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দোকানদার আবদুল জব্বারের শারীরিক অবস্থা গুরুতর।

“শুনেছি, তাকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকায় একটি শিয়াল আক্রমণ করে। এ সময় তার মুখ, হাত ও পা-সহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয় বন্য প্রাণীটি।”

আহত সবাইকে ‘অ্যান্টি র‌্যাবিস’ টিকা নেওয়ার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান এ চিকিৎসক।  

আহত আনসার সদস্য অজয় হালদার বলেন, “রাস্তা ধরে হাঁটার সময় হঠাৎ একটি শিয়াল জঙ্গল থেকে বেরিয়ে আমার পায়ে কামড় বসায়। তখন আমার সঙ্গে আরও দুইজন ছিল। পরে শিয়ালটিকে আঘাত করলে আবার জঙ্গলে চলে যায়।”

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলছেন, “একই শিয়াল তিনজন ব্যক্তিকে কামড়ে থাকতে পারে। শিয়ালটি সম্ভবত র‌্যাবিসে আক্রান্ত। এ কারণে পাগলাটে আচরণ করছে। এখন সামনে যাকে পাবে, তাকেই সে কামড়াবে।”

অতি দ্রুত প্রাণীটিকে হত্যা করে মাটিচাপা দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “যারা আহত হয়েছেন; তাদের সবাইকেও টিকা নিতে হবে।"