নীলফামারীতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার ১৩ বছর পর ১ জনের মৃত্যুদণ্ড
২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর বিকালে বাড়িতে ইতি আক্তারকে একাকী পেয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেন মাহমুদার রহমান।
নীলফামারীর জলঢাকায় স্কুলছাত্রী ইতি আক্তারকে ধর্ষণ ও হত্যার ১৩ বছর পর এই মামলার একমাত্র আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।
বুধবার দুপুরে আসামি মাহমুদার রহমানের (৩৭) অনুপস্থিতিতে এই রায় প্রদান করেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক, জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মনসুর আলম।
এ ট্রাইব্যুনালের স্পেশাল পিপি রমেন্দ্র বর্ধণ বাপ্পী জানান, নিহত ইতি আক্তার (১৫) জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং জলঢাকা মাথাভাঙ্গা গ্রামের ইয়াকুব আলীর মেয়ে।
দণ্ডপ্রাপ্ত মাহমুদার রহমান জলঢাকা উপজেলার দুন্দিবাড়ী গ্রামের আফান উদ্দিনের ছেলে। তিনি ঘটনার পর থেকেই পলাতক।
মামলার নথির বরাতে পিপি রমেন্দ্র বর্ধন জানান, ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর বিকালে মাথাভাঙ্গা গ্রামের বাড়িতে ইতি আক্তারকে একাকী পেয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেন মাহমুদার রহমান।
পরদিন ইতির বাবা ইয়াকুব আলী বাদি হয়ে মাহমুদারকে একমাত্র আসামি করে জলঢাকা থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।
জলঢাকা থানা পুলিশ মামলাটি তদন্ত শেষে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি মাহমুদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ১৩ বছর পর বুধবার আসামির অনুপস্থিতিতে বিচারক আসামিকে মৃত্যুদণ্ড এবং দেড় লক্ষ টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন।
মামলায় বিশেষ পিপি রমেন্দ্র বর্ধণ বাপ্পীকে সহযোগিতা করেন জ্যেষ্ঠ আইনজীবী হারেস মর্তুজা ও লায়লা আঞ্জুমান আরা ইতি। অপরদিকে আসামি মাহমুদার রহমানের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে মামলা পরিচালনা করেন আইনজীবী আব্দুল লতিফ সরকার।
আইনজীবী লায়লা আঞ্জুমান আরা ইতি বলেন, “ঘটনার পর আসামি উচ্চ আদালতে জামিনের প্রার্থনা করলে উচ্চ আদালত তাকে চার সপ্তাহের মধ্যে নিম্নআদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু আসামি আদালতে হাজির না হয়ে এখনো পলাতক থাকায় তার অনুপস্থিতিতে বিচারকাজ সম্পন্ন হয়।”
ইতি আক্তারের বড় ভাই মো. শরিফুল ইসলাম বলেন, “অনেক বিলম্বে রায় হলেও এই রায়ে আমরা সন্তুষ্ট। এখন আমরা দণ্ডপ্রাপ্ত আসামিকে দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকরের দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “এই মামলার বাদি ছিলেন আমার বাবা। দীর্ঘ ১৩ বছর পর মামলা রায় হলো, আমার ন্যায়বিচার পেলাম কিন্তু সেই বিচার দেখে যেতে পেলেন না বাবা। তিনি আজ বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন।”
