নারায়ণগঞ্জে ছাত্র আন্দোলনের সংগঠককে মারধর, প্রতিবাদ
অভিযোগ অস্বীকার করে হেফাজতে ইসলামের মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান।
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জাহিদ হাসানের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাত ৮টার দিকে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে একদল যুবক তাকে মারধর করেন বলে অভিযোগ করেন জাহিদ। তাকে মারতে মারতে বঙ্গবন্ধু সড়কের দিকে নিয়ে আসলে পরে দৌড়ে একটি বেসরকারি হাসপাতালে ঢুকে নিজেকে রক্ষা করেন তিনি।
সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন জাহিদ হাসান। বিষয়টি তদন্তাধীন আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
সরকারি তোলারাম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান (২৭) খেলাফত মজলিসের সদর থানা শাখার প্রচার সম্পাদক এবং হেফাজতে ইসলামের মহানগর শাখার সাবেক প্রচার সম্পাদক।
জাহিদ হামলার জন্য হেফাজতে ইসলামের মহানগর শাখার সাবেক সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলামের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
জাহিদ হাসান বলেন, “রাত আনুমানিক ৮টার দিকে শহীদ মিনারে ১০-১২ জনের একদল যুবক আমার ওপর হামলা করে। অকথ্য ভাষায় গালাগালি করে কিল-ঘুষি মারতে মারতে সামনের সড়কে নিয়ে যায়। এক পর্যায়ে নিজেকে রক্ষা করতে একটি বেসরকারি হাসপাতালে অবস্থান নেই।
“আওয়ামী লীগের গডফাদার শামীম ওসমানের ঘনিষ্ঠ ছিলেন মাওলানা ফেরদাউসুর রহমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও ফেরদাউসুরের ভূমিকা ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে। তার এইসব গণবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় গুন্ডাবাহিনী দিয়ে আমার উপর হামলা করিয়েছেন উনি। এর আগেও আমাকে একাধিকবার হুমকি দিয়েছিলেন মাওলানা ফেরদাউস।”
তবে, অভিযোগ অস্বীকার করে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “গতকাল (সোমবার) হেফাজতের ঢাকা মহানগরের প্রোগ্রামে বারিধারা ছিলাম সারাদিন। রাত পৌনে ১টা পর্যন্ত সেখানে ছিলাম। আমি এই বিষয়টি পরে শুনেছি। এই ঘটনার সঙ্গে কেন আমাকে জড়ালো আমি জানি না, এইটা সে (জাহিদ হাসান) নিজেই ভালো বলতে পারবেন।”
