২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির সুবাতাসের মধ্যে আমরা রয়েছি: রিজভী

তিনি বলেন, এর পেছনে যাদের অবদান, বিএনপি পরিবার তাদের পাশে দাঁড়াচ্ছি।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 08:34 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে দেশের মানুষ এখন প্রাণ খুলে কথা বলতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, “এই যে এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারছি, আগে সেটিও সম্ভব ছিল না। কোথাও কথা বলতে গেলে পুলিশ এসে ছত্রভঙ্গ করে আমাদের আটক করে নিয়ে যেত। 

“এই যে একটা মুক্তির সুবাতাসের মধ্যে আমরা রয়েছি, এর পিছনে যাদের অবদান আমরা বিএনপি পরিবার তাদের পাশে দাঁড়াচ্ছি।” 

সোমবার দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এমআইএসটির শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন এবং কলেজশিক্ষার্থী শহিদ নাফিসা হোসেন মারওয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা দেন রিজভী। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রিজভী বলেন, “মানুষ যেন শান্তিমত বসবাস করতে পারে এবং গলা খুলে সমালোচনা করতে পারে, কথা বলতে পারে সেটাই গণতন্ত্র। দেশে আইনের শাসন থাকবে; কে কোন দল করে- এটা বড় কথা নয়। যে অপরাধী পুলিশ তাকে ধরবে এবং বিচারের আওতায় আনবে এটাই গণতন্ত্র।” 

বিএনপি নেতা বলেন, “গণতন্ত্র মানে শুধু নির্বাচন না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের একটা বড় উপাদান। কিন্তু সেখানেও আমরা একটা বড় জটিলতা দেখছি। বিভিন্ন ধরনের আনুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে আসার কথা শুনছি। অবাধ সুষ্ঠু পরিবেশ নিয়ে আসুন, জনগণ ১৫ বছর যাবত ভোট দিতে পারেনি, তারা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারে। আর এটাই হলো প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ।”

তিনি বলেন, “এই পরিবেশ সৃষ্টি করাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। যদি আমরা সেটা নিশ্চিত না করতে পারি তাহলে এত যে আত্মদান তা বৃথা হয়ে যাবে।” 

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে রিজভী বলেন, “আমরা আপনাদের বারবার চাপ দিয়েছি, যাতে আপনাদের কোনো ব্যর্থতার জন্য ফ্যাসিস্টদের পুনরুজ্জীবন না ঘটে। তাহলে এর দায় আপনাদের সবাইকে নিতে হবে। এত যে আত্মদান এবং এত যে শহীদ সেই শহীদদের রক্তের সঙ্গে সেটা বিশ্বাসঘাতকতা হবে।”  

বিএনপির সহপরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা জেলা বিএনপির সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সাভার পৌরসভার সাবেক মেয়র আলহাজ রেফাত উল্লাহ উপস্থিত ছিলেন।