২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, বলছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2025, 12:16 PM

Updated : 26 Aug 2026, 12:51 PM

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজনের প্রাণ গেছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার করটিয়া-করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানিয়েছেন।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার আমজাদ হোসেন (৫০) এবং তার দুই ছেলে রাতুল (১৪) ও অতুল (২৪)।

তাদের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “ঢাকা থেকে তারা মাইক্রোবাসে করে শেরপুরে বাড়ি যাচ্ছিলেন ঈদ করতে। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

“এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের চালক ও আমজাদের স্ত্রীসহ তিনজন।” 

আহত তিনজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।  

ওসি জালাল উদ্দিন বলেন, “আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।”