২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের শীর্ষ করদাতা 'হাকিমপুরী জর্দা'র কাউছ মিয়ার মৃত্যু

২২ বছর বয়স থেকে ব্যবসা শুরু করে টানা ৭১ বছর এককভাবে ব্যবসা পরিচালনা করেন তিনি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 11:01 AM

Updated : 10 Sep 2026, 12:09 PM

বাংলাদেশের শীর্ষ করদাতা ও হাকিমপুরী জর্দার মালিক হাজী মো. কাউছ মিয়া মারা গেছেন। 

সোমবার রাত ১২টা ৪০ মিনিটে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

কাউছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বলেন, “আব্বা বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। সম্প্রতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার পর তাকে দেশে আনা হয়। এরপর থেকে পুরান ঢাকার আরমানিটোলার বাসায় শয্যাশায়ী ছিলেন।

“শনিবার বিকালে আব্বার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আজগর আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর দুনিয়া থেকে চিরবিদায় নেন। আমরা পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাই।”

৯৪ বছর বয়সী এ ব্যবসায়ী মৃত্যুকালে স্ত্রী, ৮ ছেলে ও ৮ মেয়ে রেখে গেছেন।

মঙ্গলবার বাদ জোহর আরমানিটোলা মাঠে কাউছ মিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানান তার ছেলে।  

কাউছ মিয়ার জন্ম চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে। তিনি দীর্ঘদিন চাঁদপুর জেলা শহরের পুরান বাজারে ব্যবসা করেন। পরে হাজিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ এবং পুরান ঢাকার আরমানিটোলায় ব্যবসা করেন।

হাকিমপুরীর জর্দার পাশাপাশি তার বিভিন্ন ধরনের ব্যবসা ছিল। ২২ বছর বয়স থেকে ব্যবসা শুরু করে টানা ৭১ বছর এককভাবে ব্যবসা পরিচালনা করেন তিনি। 

হাকিমপুরী জর্দার মালিক, দেশসেরা শীর্ষ করদাতা ও দানশীল মানুষ হিসেবে হাজী কাউছ মিয়ার সুনাম ছিল দেশজুড়ে।

গত দেড় দশক ধরে টানা সেরা করদাতার সম্মাননা পেয়েছেন পুরান ঢাকার এ জর্দা ব্যবসায়ী। ব্যবসায়ী ক্যাটাগরিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাকে এ পুরস্কার দিয়ে আসছিল।

১৫ বারের মত সর্বোচ্চ করদাতা কাউছ মিয়া

আবারও সেরা কাউছ মিয়া, এবার ‘ট্যাক্স কার্ড’ পাচ্ছে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠান

হাকিমপুরী জর্দা বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ