নোয়াখালী জেলা ছাত্রদলের নেতৃত্বে রাসেল-রাহান
৩০ কর্মদিবসের মধ্যে জেলা নেতৃবৃন্দকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার মধ্যরাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্যাডে ৩৭ সদস্যবিশিষ্ট জেলা ছাত্রদলের কমিটি প্রকাশ করা হয়।
এতে এন বি এস রাসেলকে সভাপতি এবং জিয়াউর রহমান রাহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে আনোয়ার হোসেন রকি, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজিম উদ্দীন রনি এবং সাংগঠনিক সম্পাদক পদে আকবর হোসেনের নাম রয়েছে।
৩০ কর্মদিবসের মধ্যে জেলা নেতৃবৃন্দকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে দীর্ঘদিন পর জেলা ছাত্রদলের কমিটি পেয়ে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। তারা বিকালে কমিটিকে স্বাগত জানিয়ে শহরে মিছিল করেছেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, “বিগত সময়ে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। আগামী দিনে ছাত্রদলের প্রতিটি ইউনিটে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ।”
কমিটির সভাপতি এন বি এস রাসেল বলেন, “বিগত দিনে শিক্ষার্থীবান্ধব কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করে যাবো। আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য ছাত্রদল কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
