Published : 27 Aug 2025, 08:25 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে ভোটগ্রহণ ২০ সেপ্টেম্বরের মধ্যে করার দাবি জানিয়েছে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর জোট ‘গণতান্ত্রিক ছাত্র জোট’।
বুধবার বিকালে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে নির্বাচন পেছানো এবং পূজার দিনে ভোটগ্রহণের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে এ দাবি জানায় নেতারা।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “পূজার মধ্যে রাকসুর মতো গুরুত্বপূর্ণ নির্বাচনের তারিখ ঘোষণা করা অমানবিক সিদ্ধান্ত। আমাদের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা সেদিন উৎসব ফেলে ভোট দিতে আসবেন না।
“ক্যাম্পাসে একটি গোষ্ঠী আছে, যারা পেশিশক্তি আর টাকার জোরে রাকসুকে আয়ত্তে আনতে চায়। তারা জানে, সনাতনী শিক্ষার্থীরা তাদের ভোট দেবে না। প্রশাসন তাদের হয়ে শিক্ষার্থীদের আলাদা করতে ওই তারিখ ঘোষণা করেছে।”
তিনি আরও বলেন, “১৫ সেপ্টেম্বর ভোট হওয়ার কথা থাকলেও একটি পেশিশক্তি নির্ভর দলের ইঙ্গিতে মনোনয়ন সংগ্রহের সময় পেছায় নির্বাচন কমিশন। এভাবে নির্দিষ্ট একটি সংগঠনকে সুবিধা দেওয়ার জন্য প্রশাসন ভোটগ্রহণ পিছিয়েছে।
“১৫ সেপ্টেম্বরেই ভোটগ্রহণ করতে করতে হবে; পেছানো লাগলেও তা ২০ সেপ্টেম্বরের মধ্যেই। নির্বাচন কমিশন এই অবিবেচক সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।”
ছাত্র ইউনিয়নের (একাংশ) কোষাধ্যক্ষ কায়সার আহমেদ অভিযোগ করেন, “তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশন বলেছিল, ঘোষিত সময়সূচি মেনে কার্যক্রম সম্পন্ন হবে। কিন্তু তা হয়নি। মনোনয়নপত্র সংগ্রহের সময় একবার পেছানো হল, আবার নির্বাচনের তারিখও পিছিয়ে পূজার দিনে নির্ধারণ করা হল। এটা সাম্প্রদায়িক গোষ্ঠীকে সুবিধা দেওয়ার পাঁয়তারা ছাড়া কিছু নয়। আমরা এই সিদ্ধান্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”
সংশোধিত তফসিল অনুযায়ী, ৩১ অগাস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সময়সীমা রাখা হয়েছে। ১ থেকে ৪ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল, ৮ ও ৯ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই, ১১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ১৪ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৫ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ১৬ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ হবে। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।