২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা: কিশোরগঞ্জে একজনের মৃত্যুদণ্ড

এ মামলায় আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2024, 09:03 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।  

রোববার বিকালে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিম উদ্দিন হোসেনপুর উপজেলার হারেঞ্জা গ্রামের মৃত মামুদ আলীর ছেলে।

এ মামলায় আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১২ জন আসামিকে বেকসুর খালাসের আদেশ দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মোবারক হোসেন ও মোশারফ হোসেন। তারা হারেঞ্জা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

মামলার বিবরণে বলা হয়, সুফিয়া খাতুনের স্বামী হেলাল উদ্দিনের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১৪ সালের ২৯ অগাস্ট বেলা ১১টার দিকে জমিতে কাজ করার সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হেলালের ওপর হামলা করে।

খবর পেয়ে তার স্ত্রী সুফিয়া খাতুন স্বামীকে বাঁচাতে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে ও পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন নিহতের স্বামী হেলাল উদ্দিন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে হোসেনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ সোলায়মান কবীর ২০১৫ সালের ২০ অগাস্ট ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়। দীর্ঘ শুনানী শেষে বিচারক এ মামলার রায় ঘোষণা করেন।