ফরিদপুরে এবছর ৩ হাজার মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা
কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।
ফরিদপুর চিনিকলের ২০২৩-২০২৪ অর্থ বছরের আখ মাড়াই কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। এর আগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুর চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সচিব ও অপারেটিং ডিরেক্টর ফসুমি চৌধুরী রুহুল আমিন কায়সার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান, মধুখালী থানার ওসি মো. শফিউল আলম, চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, সাধারণ সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন, চিনিকল আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. সফিকুল ইসলাম খান, সাবেক শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুর রহমান ও রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণ পদক প্রাপ্ত আখ চাষি হাজী মো. মোতালেব ফকির।
মহাব্যবস্থাপক আনিস তার বক্তব্যে বলেন, “এই মৌসুমে ৫০ দিনে ৫০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৩ হাজার ১২৫ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ৪৮তম আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হল।
“এবার চিনি আহরণের হার ধরা হয়েছে ৬ দশমিক ২৫ শতাংশ।”
ফরিদপুর চিনিকল ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৭৬-১৯৭৭ আখ মাড়াই মৌসুমে উৎপাদনে যায়।
