টাকার জন্য সিরাজগঞ্জে দোকানিকে খুন: পুলিশ
গ্রেপ্তারদের দেওয়া তথ্যে নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন, ট্রাউজার, রক্ত মাখা লুঙ্গি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধারের দুইদিনের ব্যবধানে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মুদি দোকানি রইস উদ্দিন (৫৫) খুনের কারণ জানাল পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকালে নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার নলুয়া গ্রামের মো. মামুন (২৮) ও জুগ্নিদহ গ্রামের জয়নাল শেখ (৫০)।
তাদের দেওয়া তথ্যে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, নিহতের দুটি মোবাইল ফোন, ট্রাউজার ও লুঙ্গি।
টাকা ছিনতাইয়ের জন্যই রইস উদ্দিনকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা তথ্য দিয়েছেন বলে দাবি পুলিশের।
বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ১৮ নভেম্বর বিকালে নলুয়া বটতলা এলাকার একটি ডোবা থেকে কাংলাকান্দা গ্রামের মৃত ওমর ফকিরের ছেলে রইস উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ৩ নভেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বৃহস্পতিবার বিকালে বলেন, রইস উদ্দিন নলুয়া বাজারে মুদি দোকান করতেন। প্রথম বউ মারা যাওয়ায় এবং দ্বিতীয় বউ তাকে ছেড়ে চলে যাওয়ায় ৮-৯ বছর ধরে তিনি ভাড়া বাড়িতে একাই থাকতেন। নিজেই রান্না করে খেতেন।
প্রতিদিন সকালে দোকান খুলে দিনভর ব্যবসা শেষে রাতে বাড়ি যেতেন।
গত ৩ নভেম্বর রাতে নিখোঁজ হন রইজ উদ্দিন। স্বজনরা অনেক খোঁজাখুজির পরও তাকে না পেয়ে ৮ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি করেন।
১৫ দিন পর ১৮ নভেম্বর বিকালে নলুয়া বটতলা এলাকার একটি ডোবা থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়।
এরপর দিন নিহতের ছেলে দুলাল হোসেন অজ্ঞাতনামাদের আসামি করে থানায় হত্যা মামলা করেন।
বুধবার বিকালে মামুন ও জয়নালকে গ্রেপ্তার করা হয়।
এরপর তাদের দেওয়া তথ্যমতে নিহতের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন, ট্রাউজার, রক্ত মাখা লুঙ্গি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু জব্দ করা হয় বলে পুলিশ জানায়।
ওসি আরো বলেন, গ্রেপ্তাররা নিহত রইস উদ্দিনের পূর্ব পরিচিত। মামুন পেশায় রাজমিস্ত্রি এবং জয়নাল ভবঘুরে। তারা মাঝে মধ্যেই রইস উদ্দিনের দোকানে আড্ডা দিতেন।
গ্রেপ্তারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, ঘটনার দিন তারা দুজন দোকানি রইস উদ্দিনের টাকা ছিনতাইয়ের পরিকল্পনার করেন এবং দিনের বেলায় চাকু কিনে রাখেন।
রাত ১০টার দিকে দোকান থেকে বাড়ি চলে গেলে সাড়ে ১১টার দিকে রইস উদ্দিনের ভাড়া বাড়িতে গিয়ে তাকে ডাক দেন মামুন ও জয়নাল।
ঘর থেকে বের হয়ে এলেই ওই দুজন রইস উদ্দিনের গলা কেটে হত্যা করেন এবং তোষকের নিচে থাকা ১৬ হাজার টাকা ছিনতাই করেন।
পরে নিহতের লাশ বস্তায় ভরে পাশের ডোবায় ফেলে দেন।
এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও রক্ত মাখা লুঙ্গিও ডোবায় ফেলা হয়।
পরে তারা টাকা ভাগাভাগি করে নিয়ে নিজ নিজ বাড়ি গিয়ে স্বাভাবিক ভাবেই জীবন-যাপন করতে থাকেন, বলছে পুলিশ।
