কুষ্টিয়ায় বাইকের ধাক্কায় ছিটকে রাস্তায়, ট্রাক পিষে দিল দুজনকে
পুলিশ জানায়, দুই বন্ধু মোটরসাইকেলে করে কোরবানির পশু কিনতে যাচ্ছিলেন।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে উপজেলার বিজিবি সেক্টরের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান।
নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকার বাসিন্দা এবং বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আহসান হাবিব তুষার (৩৫) এবং তার বন্ধু একই এলাকার রাব্বি হোসেন (৩০)।
পরিবারের বরাতে পুলিশ জানায়, দুই বন্ধু মোটরসাইকেলে করে কোরবানির পশু কিনতে যাচ্ছিলেন। পথে তাদের মোটরসাইকেলটিকে অপর একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে রাস্তায় পড়ে যান।
ঠিক সেসময় বিপরীত দিক থেকে একটি বালুভর্তি ড্রাম ট্রাক এসে দুজনকে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই আহসান হাবীব তুষার মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রাব্বিকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সন্ধ্যা ৬টায় রাব্বিও মারা যান বলে তার আপন চাচাতো ভাই আশরাফুল ইসলাম জানান।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
