Published : 27 Jul 2023, 10:01 PM
টাঙ্গাইলের মির্জাপুরে বরযাত্রীবাহী নৌকা ডুবে বরের ভাই, ভাতিজিসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজ রেজা জানান।
মৃতরা হলেন– উপজেলার বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রিপন চৌধুরী (৪০), তার চাচাতো ভাই ইতালি প্রবাসী কহিনুর মিয়ার মেয়ে স্নেহা আক্তার (৮) এবং উপজেলার ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে আসিফ মিয়া (২০)।
চেয়ারম্যান জানান, রিপন চৌধুরীর ছোট ভাই টুটুল চৌধুরীর সঙ্গে তরফপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে লিপা আক্তারের বিয়ের দিন ধার্য ছিল বৃহস্পতিবার দুপুরে। সেখানে খাওয়াদাওয়ার পর মজনু মিয়ার বাড়ি থেকে কয়েকজন বরযাত্রী কানু মিয়ার নৌকায় করে বুইড়া বিল পাড়ি দেন। সেখান থেকে তারা মির্জাপুর-তরফপুর সড়কে রাখা মাইক্রোবাসে পৌঁছান ফিরে যাওয়ার জন্য।
দ্বিতীয় দফায় শিশু ও নারীসহ ৭/৮ জন ওই নৌকায় বিল পাড়ি দেওয়ার জন্য ওঠেন। এ সময় নৌকায় থাকা এক নারী পানিতে সাপ দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠলে নৌকা দুলে ওঠে। এ সময় অন্যরাও ভয়ে চিৎকার করতে থাকলে নৌকা উল্টে যায়।
এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন ডুবে যান। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর কনেকে রেখে বরসহ তার সঙ্গীরা ফিরে যান।
বর টুটুল চৌধুরী বলেন, যা ঘটে গেছে, তাতে তিনি ভাষা হারিয়ে ফেলেছেন।