১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যা করে ছেলে: র‌্যাব

এর আগে ১১ জুন রাতে ৭৫ বছর বয়সি হয়রত আলী হত্যাকাণ্ডের শিকার হন বলে জানায় র‌্যাব।

লক্ষ্মীপুরে মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যা করে ছেলে: র‌্যাব
লক্ষ্মীপুরের রায়পুরে বাবাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মামুন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 03:08 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদক কেনার টাকা না দেওয়ায় এক বৃদ্ধকে তার ছেলে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে র‌্যাব।

রোববার রাতে নিহতের ছেলেকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন (৩৫) উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের রশিদ সর্দার ব্রিজ সংলগ্ন গাজী বাড়ির প্রয়াত হয়রত আলী গাজীর ছেলে। এর আগে ১১ জুন রাতে ৭৫ বছর বয়সি হয়রত আলী হত্যাকাণ্ডের শিকার হন।

এ ঘটনায় নিহতের বড় ছেলে নুর হোসেন গাজী (৪১) বাদী হয়ে মামুনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।

সোমবার বেলা ১১টার দিকে নিজ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বলেন, “মামুন মাদকসেবী ও ব্যবসায়ী। মাদকের টাকার জন্য মামুন তার বাবার সঙ্গে প্রায় ঝগড়া ও মারামারি করতেন। ঘটনার কয়েকদিন আগেও তাকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ।

“জামিন পেয়ে বাড়িতে গিয়ে মামুন মাদক বিক্রির টাকা নিয়ে স্ত্রী ও তার বাবার সঙ্গে ঝগড়াঝাঁটি করেন। এ নিয়ে মামুন তার স্ত্রীকে মারধর করেন। এ সময় হযরত আলী বাধা দিলে তার ওপর ক্ষিপ্ত হয় মামুন।”

তিনি বলেন, “ঘটনার দিন মামুন তার বাবার কাছে মাদক কেনার টাকা চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। রাতে এশার নামাজ পড়ার জন্য হযরত আলী টিউবওয়েলে ওজু করতে গেলে মামুন পেছন থেকে তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান।”

তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান মিঠুন কুমার।

তিনি বলেন, মামলার পর থেকে মামুনকে গ্রেপ্তারে মাঠে নামে র‌্যাব। র‌্যাব-১১ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।