Published : 07 Feb 2026, 11:22 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে রাঙামাটিতে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে দিকে শুভলং আনসার ব্যাটালিয়ন থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য জুরাছড়ি উপজেলায় পৌঁছানোর পর তার মৃত্যু হয় বলে রাঙামাটি জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) বিকাশ চন্দ্র দাস জানান।
মৃত আনসার সদস্যের নাম মো. এরশাদ আলী (৫৭)। তিনি শুভলং আনসার ব্যাটালিয়নে সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
আনসার কর্মকর্তা বিকাশ চন্দ্র দাস বলেন, এরশাদ আলীকে জুরাছড়িতে সেকশন কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। সেখানে সহকর্মীদের সঙ্গে কথা বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জুরাছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীহ ফারুখ বলেন, চিকিৎসক ধারণা করছেন, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। স্পিড বোটে লাশ রাঙামাটি জেলা সদরে পাঠানোর প্রক্রিয়া চলছে।