কৃষি কর্মকর্তাকে মারধর: ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে ‘কলমবিরতি’
৫ নভেম্বর কৃষি কর্মকর্তাকে মারধর করেন নকলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম।
শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ‘কলমবিরতি’ পালন করেছেন সহকর্মীরা। টানা তিন দিন ধরে তারা এ কর্মসূচি পালন করবেন।
প্রথম দিন মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ওই ‘কলমবিরতি’ পালন করেন কর্মকর্তারা।
৫ নভেম্বর অবৈধভাবে সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও তার সহযোগী ফজলুর (৩২) মারধর করেন বলে অভিযোগ ওঠে।
ওই দিন রাতেই ছাত্রদলের দুজনের বিরুদ্ধে মামলা করেন শাহরিয়ার মোরসালিন মেহেদী।
পর দিন কাইয়ুমকে বহিষ্কার করে ছাত্রদল।
‘কলমবিরতির’ সময় কর্মকর্তারা বলেন, ঘটনার ছয় দিন অতিবাহিত হলেও কাইয়ুম গ্রেপ্তার হয়নি। তাই অনেক কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে কাজ করতে যেতে শঙ্কায় রয়েছেন।
বক্তারা বলেন, এরই মধ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভাগীয় কমিশনার এবং পুলিশের রেঞ্জ ডিআইজিকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
তিন দিন ‘কলমবিরতি’ চলবে জানিয়ে তারা বলেন, এ ছাড়া বুধবার অবস্থান কর্মসূচি এবং বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হবে।
