Published : 10 May 2026, 05:48 PM
গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন-দুদকের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স কার্যালয় থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন গাইবান্ধা সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন।
আটক মো. জাফরুল্লাহ (৫০) ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁ এলাকার অছিম উদ্দিনের ছেলে।
গাইবান্ধা জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স কর্মকর্তা খন্দকার মাহাতাব আলী বলেন, সকালে জাফরুল্লাহ নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে প্রবেশ করেন। তিনি অফিসে কৌশিক নামের এক অডিটরের খোঁজ করেন। পরে কৌশিককে বাইরে ডেকে নেন জাফরুল।
তিনি বলেন, “এ সময় কৌশিকের সঙ্গে মোবাইল ফোনে দুদকের অপর এক কর্মকর্তার কথা বলিয়ে দেন জাফরুল। ফোনে ওই ব্যক্তি নিজেকে দুদক কর্মকর্তার পরিচয় দিয়ে কৌশিকের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ আছে বলে জানান।
“সমাধানের জন্য জাফরুল্লাহর সঙ্গে কথা বলতে বলেন মোবাইলের ওই ব্যক্তি। জাফরুল্লাহর এসব কর্মকাণ্ডে সন্দেহ হলে কৌশিক তাকে কৌশলে অফিসের ভেতর ডেকে নেন। সেখানে তাকে অন্য কর্মকর্তারা প্রশ্ন করলে জাফরুল্লাহ এলোমেলো কথা বলেন। তখন তাকে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়।”
ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে তাকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।