কিশোরকে ‘নির্যাতন’, আদালতের নির্দেশে কোস্ট গার্ড কমান্ডারের বিরুদ্ধে মামলা
পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
বরগুনার পাথরঘাটায় এক কিশোরকে নির্যাতনের অভিযোগে আদালতের নির্দেশে সেখানকার কোস্ট গার্ড কমান্ডারসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সোমবার পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পাথরঘাটা থানার ওসি মো. এনামুল হককে।
ওসি বলেন, “নাঈম নামের এক কিশোরকে মারধরের অভিযোগে পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. পনির শেখ সোমবার আসামিদের বিরুদ্ধে মামলার জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন। একই সঙ্গে পুলিশ সুপারকে মঙ্গলবার আদালতে হাজির হয়ে মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।”
আদালতের বেঞ্চ সহকারী মো. মুবিন বলেন, “৫ মে সন্ধ্যায় পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিসের সামনে থেকে নাঈম নামের এক কিশোরকে ইয়াবাসহ আটক করেন কোস্ট গার্ড সদস্যরা। পরে ৭ মে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় নাঈম অভিযোগ করেন, আটকের পর তাকে নির্যাতন করা হয়েছে। আদালত সেদিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
“পরে রোববার আদালত নাঈমের জবানবন্দি নিয়েছে। জবানবন্দি ও আলামত পর্যালোচনা করে আদালত কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সুজাউদ্দিন মাহমুদসহ অজ্ঞাত ছয় থেকে সাতজনের বিরুদ্ধে মামলার জন্য পুলিশকে নির্দেশ দেন।”
পাথরঘাটা থানার ওসি এনামুল হক বলেন, “সোমবার আদালতের নির্দেশ আসার পর মামলা হয়েছে। মারধরের বিষয়ে চিকিৎসকের প্রতিবেদনে সত্যতা পাওয়া গেছে।”
এ বিষয়ে জানতে কোস্টগার্ড দক্ষিণ জোন স্টেশন পাথরঘাটার মোবাইল নম্বরে একধিকবার ফোন দিলেও সেটি কেউ ধরেননি।
এ বিষয়ে কোস্ট গার্ডের বক্তব্য জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
