পাবনায় মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, বাড়িতে অগ্নিসংযোগ
মৃত্যুর খবর এলাকায় ছড়ালে প্রতিপক্ষের অন্তত ২০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক ব্যক্তি মারা গেছেন। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে দুই পক্ষ আবার সংঘর্ষে জড়ান।
এতে ২০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন।
শনিবার দুপুরে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বেড়া মডেল থানার ওসি ওলিউর রহমান।
নিহত মোহা. হাদিস উদ্দিন প্রামাণিক (৪০) পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলার তলট গ্রামের আব্দুস শুকুর প্রামাণিকের ছেলে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শুক্রবার সকালে ওই এলাকায় নতুন মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হাদিস উদ্দিনসহ অন্তত ৩০ জন আহত হন বলে জানায় পুলিশ।
আহতরা বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাদিস উদ্দিন নতুন মসজিদের পক্ষের সমর্থক ছিলেন। দুপুরে তার মৃত্যুর খবর শোনার পর জনতা (পুরোনো মসজিদের সমর্থকদের) ১৫ থেকে ২০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এলাকাবাসীর অভিযোগ, অগ্নিসংযোগের পরপর ফায়ার সার্ভিসে ফোন করা হলে তাদের দুটি নম্বর বন্ধ পাওয়া যায়। আগুন লাগার ৪৫ মিনিট পরও ঘটনাস্থলে পৌঁছায়নি ফায়ার সার্ভিস। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও ফায়ার সার্ভিসের বক্তব্য পাওয়া যায়নি।
ওসি ওলিউর রহমান বলেন, শুক্রবারের ঘটনায় আহত একজনের মৃত্যুর খবরে আবার সহিংসতা ছাড়ায়। খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়।
তিনি বলেন, কয়েক বছর আগে পুরোনো মসজিদে মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে ঝামেলা হয়। পরে পুরোনো মসজিদ থেকে ১০০ গজের মধ্যে নতুন একটি মসজিদ নির্মাণ করা হয়। একটি পুরোনো মসজিদ ও আরেকটি নতুন মসজিদ নামে পরিচিতি।
সম্প্রতি নতুন মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু একই গ্রামে দুটি মসজিদ নির্মাণে আপত্তি জানান আরেকটি পক্ষ।
শুক্রবার সকালে নতুন মসজিদের বারান্দা নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেন। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে হাদিস উদ্দিন শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি ওলিউর রহমান।
