২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে কৃষক হত্যায় ১৯ জনের যাবজ্জীবন

২০০২ সালে পূর্ব শত্রুতার জেরে কৃষক আব্দুর রহমানকে ধানক্ষেত থেকে ধরে নিয়ে যায় আসামিরা।

জয়পুরহাটে কৃষক হত্যায় ১৯ জনের যাবজ্জীবন
যাবজ্জীবন দণ্ডিত আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 02:06 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

জয়পুরহাটে ২২ বছর আগের হত্যা মামলায় ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার জয়পুরহাটের দ্বিতীয় আদালতের অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম ১৭ জন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল (পিপি) জানান। 

দণ্ডিতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের আলম মিয়া, দোলা মিয়া, ওসমান মিয়া, কোরমান আলী, আজাদুল, লাবু হোসেন, বাবু হোসেন, আমিনুল হক, ফারাজ উদ্দিন, শক্টু মিয়া, উকিল মিয়া, দুলাল আকন্দ, ছানোয়ার আকন্দ, আব্দুল আলীম, নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম, কফিল উদ্দিন এবং জহুরুল ইসলাম। তাদের মধ্যে উকিল মিয়া এবং জহুরুল ইসলাম পলাতক।

যাবজ্জীবনের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ২২ নভেম্বর রাতে পূর্ব শত্রুতার জেরে ওই উপজেলার হরেন্দা গ্রামের সামসুদ্দিনের ছেলে কৃষক আব্দুর রহমানকে ধানক্ষেত থেকে ধরে নিয়ে যায় আসামিরা।

এরপর আলমের বাড়িতে আটকে রেখে তাকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করেন ও পা দিয়ে আব্দুল রহমানের বুকে ও পেটে লাথি দিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সী বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা তদন্তকারী কর্মকর্তা । সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার ১৯ জনকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।