Published : 22 Jun 2026, 06:05 PM
প্রথা ভেঙে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনা চলছে।
সোমবার বেলা আড়াইটার দিকে নতুন কয়েকটি দানবাক্স ও সিলগালা করা ঐতিহাসিক তিনটি ‘ডেগের’ টাকা গণনা শুরু হয় সিলেট জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে।
শত শত বছরের প্রচলিত রীতির বাইরে গিয়ে এবারই প্রথম প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে দানের অর্থ গণনার কার্যক্রম শুরু হল।
সরজমিনে দেখা যায়, উৎসুক লোকজন মাজার প্রাঙ্গণে দাঁড়িয়ে টাকা গণনা দেখছেন। কেউ কেউ মোবাইল দিয়ে টাকা গণনার ছবি করছেন, ভিডিও তুলছেন। গণনার সময় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে শাহজালাল (রহ.) মাজার মসজিদে নামাজ পড়েন প্রত্যাহার হওয়া ডিসি জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
তবে এ বিষয়ে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে কোনো বক্তব্য দেননি সারওয়ার আলম। তিনি পরে এ বিষয়ে একটি ভিডিও বার্তা দেবেন বলে জানিয়েছেন।
মাজারে উপস্থিত লোকজন জানিয়েছে, এই প্রথম মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনা চলছে। এর আগে এভাবে গণনা হয়নি।

সম্প্রতি মাজারের দান ও আয়-ব্যয়ের ব্যবস্থাপনা নিয়ে সিলেটজুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। সারওয়ার আলমের নেতৃত্বে সিলেট জেলা প্রশাসন গত বৃহস্পতিবার শাহজালালের (র.) মাজারে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করে। সেই সঙ্গে মাজারে থাকা দানের ঐতিহাসিক তিনটি ‘ডেগ’ সিলগালা করা এবং ‘নিরাপত্তার জন্য’ আনসার সদস্য মোতায়েন করা হয়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মাজার ভক্তরা।
পর দিন সিলেটের হযরত শাহপরাণ (র.) মাজার পরিদর্শন করে মাজারটির আয়-ব্যয়ে স্বচ্ছতা, পরিকল্পিত উন্নয়ন ও মাদকের আসর বন্ধে বিভিন্ন নির্দেশনা দেন ডিসি সারওয়ার আলম।
এদিকে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে ন্যস্ত করা হয়। প্রজ্ঞাপনে তার প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। এরপর থেকেই বিষয়টি নিয়ে সিলেটে ব্যাপক আলোচনা চলছে।
সোমবার সকাল থেকে জেলা প্রশাসকের প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কয়েকটি সংগঠন। জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশের এলাকায় চলা এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা বলেন, সিলেটের বিভিন্ন সমস্যা সমাধান ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সারওয়ার আলম সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাকে সরানোর পেছনে একটি প্রভাবশালী মহলের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন তারা।
সকালে কার্যালয়ে প্রবেশের সময় বিক্ষোভকারীদের সঙ্গে করমর্দন করেন সারওয়ার আলম। পরে তাদের স্লোগানের মধ্যেই তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করেন। দুপুরে নিজ কার্যালয় থেকে বের হয়ে হযরত শাহজালাল (রহ.) মাজারে আসেন।
আরও পড়ুন:
ডিসি সরওয়ারের বহাল চেয়ে মানববন্ধন, মাজারের দানবাক্স সিলগালা প্রত
শাহপরাণ মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা ও মাদক বন্ধের নির্দেশ সিলেট ডিসির
সিলেটের ডিসি সারওয়ার আলমকে সরানো হল