রাজবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীর সদর উপজেলায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাগমাড়া এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পাংশা হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানিয়েছেন।
নিহত ৩৯ বছর বয়সী জিলাল হোসেন কালুখালি উপজেলার কুষ্টিয়াডাঙ্গী গ্রামের দানেজ হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মাকসুদুর বলেন, “সকালে জিলাল রাজবাড়ী থেকে মোটরসাইকেলে করে পাংশার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।
“গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
দুর্ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
