ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশা আরোহী স্কুলছাত্রীর মৃত্যু
আহত অটোরিকশা চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরে শহরে ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশা আরোহী এক স্কুলছাত্রীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক।
মঙ্গলবার সকালে এলজিইডি ভবন এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান।
নিহত ১০ বছর বয়সী আফরিন আক্তার লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকার আক্তার পাটোয়ারীর মেয়ে ও কাকলী শিশু অঙ্গনের শিক্ষার্থী।
আহত অটোরিকশা চালক মো. রাজুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, দ্রুত গতির ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি ওয়াহিদ পারভেজ বলেন, চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
