১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে মেয়েকে হত্যার পর বাবা-মার ‘আত্মহত্যার’ চেষ্টা

পুলিশ জানায়, প্রথমে মেয়ে মৃত্তিকাকে ঘুমের ওধুষ খাওয়ানোর পর তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:08 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় শিশু কন্যাকে বালিশ চাপায় হত্যার পর বিষপানে বাবা-মায়ের ‘আত্মহত্যা’ চেষ্টার খবর পাওয়া গেছে। 

সোমবার দুপুরে উপজেলার উত্তর গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে গোপালপুর থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান।

নিহত পাঁচ বছর বয়সি শেহতাজ মৃত্তিকা ওই এলাকার মাসরুল হোসাইনের মেয়ে। 

আহতরা হলেন- নিহতের বাবা মাসরুল হোসাইন (৩৫) এবং তার স্ত্রী মীরা আফরোজ সাথী (৩০)। 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, মাসরুল ব্রিটিশ আমেরিকান টোবাগো কোম্পানি বাংলাদেশের সেলস ও মার্কেটিং বিভাগে ময়মনসিংহ জেলায় কাজ করতেন৷ গত ২৮ এপ্রিল মাসরুলে কাছে থাকা কোম্পানির ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই হয়। 

“পরবর্তীতে সেই টাকাগুলো পরিশোধ করতে পারছিলেন না তিনি। এছাড়া টাকার জন্য কোম্পানির কর্তৃপক্ষ চাপ দিচ্ছিল তাকে৷”

ইমদাদুল বলেন, “এ অবস্থায় তার চাকরিও চলে যায়। সংসার চালানোসহ ছিনতাই হওয়া টাকা ফেরত দেওয়া দিয়ে চিন্তিত হয়ে পড়ছিলেন তিনি। 

“রোববার রাতে মাসরুল ১২০টি ঘুমের ওধুষ ও বিষ কিনে বাড়িতে আসেন। প্রথমে মেয়ে মৃত্তিকাকে ঘুমের ওধুষ খাওয়ান। পরে তারা দুইজন মিলে মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন৷ ”

ওসি বলেন, “পরবর্তীতে মাসরুল এবং তার স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে৷  খবর পয়ে শিশুর লাশ উদ্ধার করে তার বাবা ও মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।”

শিশুটির বাবা ও মাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।