২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

সাব্বির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
শাকিনুর রহমান সাব্বির

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2024, 06:25 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

পদ্মার পাড়ে রাসেলস ভাইপার সাপের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী জানান, সোমবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থী মারা যান। 

মৃত শাকিনুর রহমান সাব্বির বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। 

সাব্বিরের সহপাঠী রাকিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সন্ধ্যায় পদ্মার পাড়ে সাব্বিরসহ আমরা কয়েকজন বন্ধু বসে আড্ডা দিচ্ছিলাম এবং জিলাপি খাচ্ছিলাম। খাওয়া শেষে প্যাকেটও ফেলে দিয়েছিলাম। 

“এক পর্যায়ে ফেলে দেওয়া প্যাকেটে সাব্বির হাত মুছতে গেলে তৎক্ষণাৎ ওর হাতে সাপে কামড় দেয়। দ্রুতই ওকে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে পরিস্থিতির অবনতি হলে আইসিউতে নেওয়া হয়। কিন্তু পরের দিন সন্ধ্যায় তার মৃত্যুর খবর জানতে পারি।”

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বিরকে রাসেলস ভাইপার সাপে কামড় দিয়েছিল। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তবুও বাঁচানো সম্ভব হয়নি।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “সাব্বির খুবই মেধাবী শিক্ষার্থী ছিলেন। দারিদ্র্যতার কারণে ও চারঘাট উপজেলা থেকে এসে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করত এবং পদ্মার পাড়ে টিউশনও করাত। এটা আমাদের জন্য বড় ক্ষতি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।”