ময়মনসিংহে ধর্মঘট প্রত্যাহার, সব রুটে চলছে বাস
“তিনদিন পর বাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, ভালো লাগছে। আমরা শ্রমিকরা কাজ করে খেতে চাই।”
জুলাইযোদ্ধাকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার শ্রমিকের মুক্তি ও ইউনাইটেড পরিবহনের ১৬ বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহ অঞ্চলের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। ফলে এ জেলা থেকে সব রুটে বাস চলাচল আবার শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ঢাকাসহ দেশের সব রুটে বাস চলাচল করছে বলে জেলা মোটর-মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম জানিয়েছেন।
জনভোগান্তির কথা চিন্তা করে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক ও বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে এক সভা শেষে রোববার রাত ৯টার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সকালে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ‘ইউনাইটেড’ ও ‘সৌখিন’ পরিবহনসহ অন্যান্য গাড়িগুলো যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে।
এছাড়া নগরীর দিঘারকান্দা-ঢাকা বাইপাস এলাকা হয়ে কিশোরগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর রোডের গাড়িগুলোও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ঢাকা থেকেও বিভিন্ন পরিবহনের বাস যাত্রী নিয়ে ময়মনসিংহে ঢুকেছে।
শুক্রবার রাতে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে জুলাইযোদ্ধা আবু রায়হান এবং ইউনাইটেড বাস কাউন্টারের লাইম্যান অরুণ বিশ্বাসের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে ওই দিন রাত থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বাস কাউন্টারের সামনে অবস্থান নেন। এরপর পরিবহন শ্রমিক অরুণ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা নগরীর বাসপাসে গিয়ে অবরোধ তৈরি করে রাখেন।
শনিবার বিকালে বৈঠকের পর উভয়পক্ষ নিজেদের অবস্থান থেকে সরে যান। কিন্তু জুলাই অভ্যুত্থানের শহীদ সাগর হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের জেলার সহসভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তার ও তার মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস বন্ধের ঘোষণা পরিবহন শ্রমিকরা মেনে নেননি। তারপরই তারা ‘পরিবহন ধর্মঘটের’ ডাক দেন।
ওই ধর্মঘটের কারণে কয়েকদিনের দুর্ভোগের পর সকালে গন্তব্যে যেতে ফেরে স্বস্তি প্রকাশ করেন সাধারণ যাত্রীরা। সেই সঙ্গে আবার কাজে ফিরতে বেড়ে আনন্দিত প্রকাশ করেছেন পরিবহন শ্রমিকরা।
ঢাকাগামী যাত্রী শরিফুল ইসলাম বলেন, “সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ায় আমরা স্বস্তিতে গন্তব্যে যেতে পারছি।”
ইউনাইটেড পরিবহনের চালক সোহেল রানা বলেন, “তিনদিন পর বাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, ভালো লাগছে। আমরা শ্রমিকরা কাজ করে খেতে চাই।”
ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম জানিয়েছেন, “সোমবার সকাল থেকে সব বাসই চলছে। বিদ্যমান সমস্যা সমাধানে একটি কমিটি করা হয়েছে। আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করা হবে।”
আরও পড়ুন
