২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৫০, দোকানপাট ভাঙচুর

আবার সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন।

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৫০, দোকানপাট ভাঙচুর
পূর্ব বিরোধের জেরে হবিগঞ্জের নবীগঞ্জে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 06:37 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

পূর্ব বিরোধের জেরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার আনমনু ও তিমিরপুর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান।

আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার তিমিরপুর গ্রামের খসরু মিয়ার সঙ্গে ইনাতগঞ্জের আশাহীদ আলী আশার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আনমনু গ্রামের কয়েকজন বাসিন্দা আশাহীদ আলী আশার পক্ষ নেন। 

এর জেরে দুপুর থেকে দুই গ্রামবাসী দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এ ছাড়া ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় উপজেলা শহরের ইউনাইটেড হাসপাতাল, হাসেমবাগ হোটেল ও মাছ বাজারসহ ১০ থেকে ১২টি দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

ওসি কামরুজ্জামান বলেন, “তিন দিন ধরে উপজেলা শহর উত্তপ্ত ছিল; যা আজ সংঘর্ষে রূপ নেয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেননি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।”