১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন আসা রোহিঙ্গাদের কারণে চাপ আরও বাড়ছে: উপদেষ্টা

সকালে ফারুক-ই আজম কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

নতুন আসা রোহিঙ্গাদের কারণে চাপ আরও বাড়ছে: উপদেষ্টা
কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2024, 09:41 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জেরে নতুন করে রোহিঙ্গা আসায় চাপ আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম। 

তিনি বলেছেন, “নতুন আসা রোহিঙ্গাদের কারণে সংকটের চাপ আরও বাড়ছে। আমরা চাই রোহিঙ্গারা সম্মানের সঙ্গে কালকেই নিজ দেশ মিয়ানমারে চলে যাক।”

নতুন করে কতজন রোহিঙ্গা প্রবেশ করেছে জানতে চাইলে ফারুক-ই আজম বলেন, “আমরা তো কাউকে অনুপ্রবেশ করাচ্ছি না, তারা কোনো না কোনোভাবে আসছেন। বিষয়টি আসলে মানবিক। এখনো রেজিস্ট্রেশন হয়নি তাই নতুন কতজন প্রবেশ করেছে তার সংখ্যাটি বলা যাচ্ছে না।”

মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

এর আগে তিনি কক্সবাজারে বিভিন্ন এনজিও, সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা করেন। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেন। বলেন, “যাতে রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্ন না ঘটে।”

সকালে ফারুক-ই আজম কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ছাড়াও রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন। 

বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসন কমিশনার কার্যালয়ে কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কামরুল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিষয়ক সেলের প্রধান হাসান সরওয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।