১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় একই স্কুলের ১৩ ছাত্রীর বাল্যবিয়ের উদ্যোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা

গোপনে ও মৌখিকভাবে বিয়ে হলেও নিবন্ধন হয়নি বলে জানিয়েছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 11:35 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

সাতক্ষীরার তালা উপজেলায় একটি স্কুলের ১৩ ছাত্রীর বাল্যবিয়ের উদ্যোগ নেওয়ার অভিযোগ পেয়েছে প্রশাসন। 

উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ের উদ্যোগের তথ্য পাওয়ার পর তাদের পরিবারকে ডেকে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে এই নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।

জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বলেন, তাদের কাছে আসা তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে বিভিন্ন সময়ে ধাপে ধাপে এসব ছাত্রীকে পারিবারিকভাবে মৌখিক বিয়ে দেওয়া হয়। বিয়ের কোনো নিবন্ধন না হলেও দেখাদেখি শেষে তাদের বিয়ে দেওয়া সিদ্ধান্ত চূড়ান্ত করে রাখা হয়। এসব কাজ গোপনে করা হয়। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, তথ্য পাওয়ার পর নোটিশ দেওয়া হলে ১১ জন ছাত্রী ও তাদের অভিভাবক ইউএনও কার্যালয়ে উপস্থিত হন। বাকিদের বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, “শিক্ষার্থীদের যেন সংসারে না  পাঠিয়ে পুনরায় বিদ্যালয়ে পাঠানো হয়, সে বিষয়ে স্বজনদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদেরও শিক্ষার্থীদের বিষয়ে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”