বগুড়ায় রিকশাচালক হত্যা মামলা, ‘হুকুমের আসামি’ শেখ হাসিনা
এ মামলায় ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে।
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কমর উদ্দিন নামে এক রিকশাচালককে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে।
মঙ্গলবার সকালে নিহতের স্ত্রী তহমিনা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন বলে ওসি সাইহান ওলিউল্লাহ জানান।
মামলায় ওই দুজনসহ ৮২ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া আরও ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা আসামি।
এ নিয়ে জেলায় দুটি হত্যা মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে।
বগুড়া শহরের নবাববাড়ি সড়কে গত ৪ অগাস্ট দুপুরে সরকার পতনের একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে নিহত হন কমর উদ্দিন বাঙ্গী।
তিনি বগুড়া সদরের চক আকাশতারা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারে বলা হয়, কমর উদ্দিন বাঙ্গী পেশায় এক রিকশাচালক। গত ৪ অগাস্ট তিনি ছাত্র জনতার আন্দোলনে অংশ নেন। আন্দোলন চলাকালে ওই দিন বিকাল ৪টার দিকে শহরের নবাববাড়ি সড়কে ডায়াবেটিস হাসপাতালের সামনে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে অন্য আসামিরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করেন।
বোমার আঘাতে কমর উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করে শুক্রবার বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা হয়।
স্কুলশিক্ষক সেলিম রেজাকে কুপিয়ে হত্যার অভিযোগে এ মামলায় মোট আসামি করা হয়েছে ১০১ জনকে।
আরও পড়ুন:
