২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শেখ হাসিনা, মন্ত্রী-এমপিসহ ১৮৭ জনের নামে হত্যা মামলা

এ নিয়ে শেখ হাসিনা ও তার দলের লোকজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে তিনটি হত্যা মামলা হল।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2024, 09:51 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ সাবেক সাত মন্ত্রী-এমপিকে আসামি করে আরো একটি হত্যা মামলা হয়েছে। 

মঙ্গলবার বিকালে মো. ইয়াসিন নামে এক ব্যক্তি বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন জানান ওসি মো. কামরুজ্জামান।

ইয়াসিনের ছেলে মো. জনি (১৭) গত ২০ জুলাই সোনারগাঁয়ের কাচপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের তালিকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমানের নামও আছে।

এ নিয়ে শেখ হাসিনা ও তার দলের লোকজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে তিনটি হত্যা মামলা হল।

এর আগে শনিবার সদর মডেল থানায় ৪৮ জন এবং সোমবার সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনকে আসামি করে পৃথক দুটি হত্যা মামলা হয়েছে। ওই দুই মামলাতেও প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

মঙ্গলবার দায়ের হওয়া হত্যা মামলার নথি থেকে জানা যায়, ১৭ বছর বয়সি জনি বাসচালকের সহকারী হিসেবে কাজ করতেন। তার বাড়ি সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘীরপাড় গ্রামে। গত ২০ জুলাই বিকালে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালীন কাচপুর এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। একটি গুলি তার বুকে এবং আরেকটি পিঠে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই মারা যান জনি। পরে তাকে বাড়ির পাশে স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়।

তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী-সংসদ সদস্যের নির্দেশে আওয়ামী লীগের লোকজন আন্দোলন দমন করতে এলোপাথাড়ি গুলি করতে থাকলে জনি গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে মামলায় উল্লেখ করেন নিহতের বাবা ইয়াসিন।

আরও পড়ুন:

জয়পুরহাটে শেখ হাসিনার বিরুদ্ধে আরেক হত্যা মামলা