২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাড়ার বিরোধে’ বাড়ি মালিক খুন, দম্পতিসহ গ্রেপ্তার ৩

“সন্দেহবশত ওই ভাড়াটিয়ার ঘরে তালা ভেঙে ভেতরে ঢুকে মনোয়ারার বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ দেখতে পান স্বজনরা।”

‘ভাড়ার বিরোধে’ বাড়ি মালিক খুন, দম্পতিসহ গ্রেপ্তার ৩

গাজীপুর মহানগরের বাড়ির মালিককে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2023, 11:08 PM

Updated : 20 Apr 2023, 11:08 PM

গাজীপুর মহানগরে ভাড়ার বিরোধের জেরে বাড়ির মালিককে হত্যার অভিযোগ উঠেছে এক ভাড়াটিয়া দম্পতির বিরুদ্ধে। জড়িত সন্দেহে ওই দম্পতি ও তাদের সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার [অপরাধ- উত্তর] আবু তোরাব মো. শামসুর রহমান জানান, বুধবার ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়ার মো. জাকির হোসেন (৩৮), তার স্ত্রী হাবিবা চৌধুরী (২৭) ও চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার কালাপানিয়ার আরিফ ভুঁইয়া (৩০)।

জাকির-হাবিবা দম্পতি মহানগরের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকায় বাসিন্দা মনোয়ারা বেগম রেখার (৪০) বাড়িতে ভাড়ায় থাকতেন।

নিহতের স্বজনদের বরাতে আবু তোরাব মো. শামসুর রহমান জানান, বকেয়া ভাড়া নিয়ে জাকির ও তার স্ত্রীর সঙ্গে মনোয়ারা বেগমের বিরোধ চলছিল। ১৫ এপ্রিল সকালে মনোয়ারা তার বাসা থেকে নিখোঁজ হন। পরদিন কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজের স্বজনরা।

তিনি বলেন, “ওই দিন রাতে ভাড়াটিয়া জাকির-হাবিবার ঘর থেকে মরদেহের দুর্গন্ধ বের হলে তারা উভয়ই বাসা থেকে পালিয়ে যান। ওই বাসার তালা ভেঙে ভেতরে ঢুকেন মনোয়ারার স্বজনরা। তারা খাটের পাশে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

“এ ঘটনায় নিহতের বোন শাহী রানী আক্তার বাদী হয়ে কাশিমপুর থানায় হত্যা মামলা করেন।”

শামসুর রহমান আরও বলেন, “তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বুধবার জাকির ও হাবিবাকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ছাড়া চট্টগ্রামের আরিফ ভূঁইয়ার জড়িত থাকার কথাও জানায় তারা।”

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরের চাঁদগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।