২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

একদিন আগে জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 09:46 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর একইস্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বুধবার দুপুর থেকে রাত ১২টা পর্যন্ত পাঁচবিবি পৌর এলাকায় এ আদেশ বহাল থাকবে বলে জানান পাঁচবিবি থানার ওসি কাওসার আলী। 

তিনি জানান, অভ্যন্তরীণ কোন্দলের জেরে মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের পক্ষের নেতাকর্মীদের সঙ্গে উপজেলা ছাত্রদল নেতা শামীম হোসেনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

এ ঘটনায় বুধবার বিকালে পৌর শহরের তিনমাথায় দুই পক্ষই প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

তবে এ ঘটনার জন্য সাইফুল ইসলাম ডালিম এবং ছাত্রদল নেতা শামীম হোসেন একে অপরকে দায়ী করেছেন।

এ বিষয়ে জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, “বিএনপিতে কোনো কোন্দল নেই। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা জেল-জুলুমের শিকার হয়েছি। আর বিএনপি নামধারী এক শ্রেণির লোক দলের দুঃসময়ে ভারতে পালিয়েছিল।

“আওয়ামী লীগ সরকারের শাসনামলে যেকোনো নির্বাচনে অংশগ্রহণে সাংগঠনিক নিষেধাজ্ঞা থাকলেও বিএনপি নামধারী কিছু লোক সবশেষ উপজেলা নির্বাচনে এক নারী প্রার্থীর পক্ষে প্রচার চালিয়েছিল। এখন আবার তারা বিএনপিতে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন।”

যে বা যারা উপদলীয় কোন্দলের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ওসি কাওসার আলী বলেন, পৌর শহরে পুলিশ ও সেনাবাহিনী টহল দিচ্ছে। বিকাল পর্যন্ত বিএনপির দুপক্ষের কেউই সমাবেশ স্থলে আসেননি।

এ ব্যাপারে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সুলতানার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।