১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ‘শরীরে ক্ষত’

“কারিনাকে হাসপাতালে আনা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।”

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 07:11 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

সাতক্ষীরার তালা উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক তরুণী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।  

পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির জানান, তাদের থানার অধীন কাশিপুর গ্রামে থেকে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।  

নিহত ২৩ বছর বয়সী কারিনা দাস সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামের থ্রি-হুইলার চালক সঞ্জয় দাসের বড় মেয়ে।

পরিবারের অভিযোগ, পাঁচ বছর আগে তালা উপজেলার কাশিপুর গ্রামের সুজিত দাসের সঙ্গে কারিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই কারিনাকে শ্বশুরবাড়িতে নানা ধরনের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হতো।

কারিনার বাবা সঞ্জয় দাস বলেন, তার জামাই সুজিত টিউশনি করলেও স্থায়ী কোনো আয় ছিল না। এ কারণে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে সুজিত ও তার মা কারিনার ওপর চাপ সৃষ্টি করতেন এবং তাকে নানাভাবে কষ্ট দিতেন।

তিনি বলেন, “ভোররাতে হঠাৎ শ্বশুরবাড়ি থেকে কারিনার মৃত্যুর খবর পাই। পরে জানতে পারি, শ্বশুরবাড়ি থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ।”

ওসি লুৎফুল কবির বলেন, কারিনার শ্বশুরবাড়ি থেকে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ বলেন, “কারিনাকে হাসপাতালে আনা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে কিছু ক্ষতও দেখা গেছে।”

কারিনার মামা গৌর দাস বলেন, তার ভাগ্নির মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছে না।