গাজীপুরে স্কয়ার ফার্মাসিটিক্যালের শ্রমিকদের কর্মবিরতি ও সড়ক অবরোধ
শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করলে ৪৫ মিনিট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন স্কয়ার ফার্মাসিটিক্যাল ঔষধ কারখানার শ্রমিকেরা।
এছাড়া তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শনিবার ভোর ৫টার দিকে উপজেলার বোর্ডঘর এলাকায় মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগ ও কারখানার সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বলে জানান গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. ইমরান আহম্মেদ ।
অতিরিক্ত পুলিশ সুপার ইমরান বলেন, স্কয়ার ফার্মাসিটিক্যাল ঔষধ কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করলে ৪৫ মিনিট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
পরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
আন্দোলনকারী শ্রমিকরা রাস্তা থেকে সরে গেলেও স্কয়ার ফার্মাসিটিক্যালের উচ্চপদস্থ কিছু কর্মকর্তার পদত্যাগ ও সপ্তাহে দুইদিন ছুটি, চাকুরীকাল ১০ বছর হলে চাকরি স্থায়ীকরণসহ ২১ দফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতিসহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
