নাটোরে হালতির বিলে বজ্রপাতে প্রাণ গেল ২ যুবকের
বিলে শামুক তুলতে গিয়ে একজন এবং মাছ ধরতে গিয়ে আরেকজনের মৃত্যু হয়েছে।আহত হয়েছেন আরও দুজন।
নাটোরের নলডাঙ্গায় হালতিবিলের পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার সকালে বিলে শামুক তুলতে গিয়ে একজন এবং মাছ ধরতে গিয়ে আরেকজনের মৃত্যু হয়েছে বলে জানান নলডাঙ্গা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।
নিহত মো. মোমিন হোসেন (৩৫) নলডাঙ্গার খোলাবাড়িয়া এলাকার মো. নুর হোসেন মণ্ডলের ছেলে এবং রায়হান আলী (৩২) নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা এলাকার মো. সাদেক আলী ছেলে।
আহতরা হলেন, নলডাঙ্গার খোলাবাড়িয়া এলাকার প্রয়াত কাফাজ উদ্দিনের ছেলে মো. সেন্টু (৫২) এবং রংপুর জেলার বাসিন্দা মকবুল হোসেন।
স্থানীয়দের বরাতে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার সকালে হালতিবিলে নৌকা নিয়ে শামুক তুলতে যান মোমিন হোসেনসহ তিনজন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মোমিন হোসেনের মৃত্যু হয়। এতে নৌকায় থাকা আরও একজন গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে হালতিবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান রায়হান আলী। তার সঙ্গে থাকা একজন আহত হলে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান বলেন, বজ্রপাতে মৃত্যুর এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
