Published : 21 Jul 2026, 10:43 PM
সৌদি আরবে থাকা অসুস্থ ছেলের জন্য ওষুধ পাঠাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আরেক বিদেশগামীর কাছে এসেছিলেন; কিন্তু তা দিয়ে তার আর বাড়ি ফেরা হলো না ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এই নারী উপজেলার তাতুয়া এলাকার বেড়িবাঁধ সংলগ্ন পাকা সড়কে দ্রুতগতির হাইচ গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান।
নিহত খাদিজা বেগম (৫০) মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। ছেলেটি বর্তমানে সৌদি আরবে প্রবাসী।
প্রত্যক্ষদর্শী পথচারী সোহাগ হালদার বলেন, “আমি ঘটনাস্থলের কাছেই ছিলাম। ওই নারী অটোগাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির হাইচ গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দেয়।
“ধাক্কা দিয়ে গাড়িটি না থেমেই দ্রুত পালিয়ে যায়। আমরা স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু তার আগেই তিনি মারা যান।”
মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।