মুন্সীগঞ্জে গুলিতে ডাকাত নিহত, আহত ৩
ঘটনাস্থল থেকে গুলির খোসা এবং ডাকাতদের ব্যবহৃত স্পিডবোট জব্দ করেছে পুলিশ।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গুলিবিদ্ধ হয়ে ২৫ মামলার আসমি বাবলা চৌধুরী খালাসি ওরফে বাবলা ডাকাত নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজলোর ইমামপুরের মল্লিকের চরে রহিম বাদশার দোতলা ভবনে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান জানান।
নিহত বাবলা ডাকাত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাচ্চু খালাসির ছেলে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় আলমগীর হোসেন বলেন, “গুলির শব্দ শুনে গ্রামবাসীরা ছুটে গেলে দুটি ট্রলারে করে দুই দল সশস্ত্র ডাকাত পালিয়ে যায়। এ সময় ভবনটিতে থাকা ৯ ডাকাতকে তালাবদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে তালা ভেঙে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আর পালিয়ে যাওয়া ডাকাতদের মধ্যে ৫ ডাকাতকে উপজেরার হোসেন্দি এলাকা থেকে আটক করা হয়।
ওসি মাহবুবুর বলেন, গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল মেঘনা তীরের মল্লিকের চরে সকালে সংঘর্ষে বাবলার প্রাণ যায়। এই সময় গুলিবিদ্ধ রহিম বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত গ্রামবাসী আক্তার হোসেন ও লিটন মিয়াজীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
“ঘটনাস্থল থেকে গুলির খোসা এবং ডাকাতদের ব্যবহৃত স্পিডবোট জব্দ করা হয়েছে। দুর্গম মল্লিকের চরকেও আস্তানা হিসেবে ব্যবহার করতেন নৌ-ডাকাতরা।”
এ ঘটনায় পালিয়ে যাওয়া ডাকাতদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
