ইন্দোনেশিয়ান বউ নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী
তাদের দেখার জন্য সকাল থেকে শত শত নারী-পুরুষ ভিড় করেন।
ইন্দোনেশিয়ান বউ নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দে নিজ বাড়িতে ফিরলেন সিঙ্গাপুর প্রবাসী এক যুবক।
শনিবার দুপুর ১২টার দিকে এ দম্পতি ঢাকা থেকে উপজেলার কর্ণসূতি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে হেলিকপ্টার থেকে নামেন।
তাদের দেখার জন্য সকাল থেকে শত শত নারী-পুরুষ ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় ভিড় করেন।
সিঙ্গাপুর প্রবাসী রেজাউল করিম বউ নিয়ে হেলিকপ্টার থেকে ঈদগাহ মাঠে নামার পর দম্পতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন স্থানীয়রা।
রেজাউল করিম কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত মুকুল প্রামাণিকের ছেলে। তার স্ত্রী ইন্দোনেশিয়ান নারী জেরিন জানু সেখানে একটি ব্যাংকে চাকরি করেন।
খোঁজ নিয়ে জানা যায়, রেজাউল করিম ১৫/১৬ বছর ধরে সিঙ্গাপুরের একটি কোম্পানিতে চাকরি করছেন। সেখানেই ইন্দোনেশিয়ার ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর গত বছরের ২১ নভেম্বর তারা বিয়ে করেন।
রেজাউল করিমের চাচা স্থানীয় জামতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউজ্জামান ফেরদৌস বলেন, “ভাতিজা রেজাউল ইন্দোনেশিয়ান বউ নিয়ে ঢাকায় আসে। সেখান থেকে হেলিকপ্টারে বাড়ি আসে। এলাকাবাসী আগ্রহ নিয়ে দেখতে এসেছে; আমাদেরও ভালো লাগছে।
“রেজাউল ছোট থাকতেই ওর বাবা মারা গেছেন। তিনি বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন।”
বদিউজ্জামান ফেরদৌস আরো বলেন, “রোববার বাংলাদেশের সংস্কৃতি মেনে রেজাউল ও ইন্দোনেশিয়ার ওই মেয়ের সঙ্গে আবারো বিয়ে দেওয়া হবে। এজন্য বাড়িঘর সাজানো হয়েছে। আত্মীয়-স্বজন ও গ্রামবাসীকেও দাওয়াত দেওয়া হয়েছে। বাড়িতে বিয়ের উৎসব চলছে।”
প্রবাসী রেজাউল করিম বলেন, “দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। স্বপ্ন ছিল বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরব। সেই স্বপ্ন পূরণ হয়েছে। অনেক লোকজন আমাদের দেখতে এসেছেন এবং ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বলে অনেক ভালো লাগছে।”
কামারখন্দ থানার ওসি মোহা. রেজাউল ইসলাম বলেন, “এ বিষয়ে আমরা অবগত আছি। তবে লোক সমাগমে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত করায় আমাদের কোনো টিম পাঠানো হয়নি।”
