২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ৭ মাসের যমজকে ‘ডোবায় ফেলে হত্যা’, মা-বাবা আটক

পারিবারিক কলহ থেকে শিশু দুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে, ধারণা পুলিশের।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 12:40 AM

Updated : 26 Aug 2026, 01:20 PM

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাত মাসের জমজ কন্যাশিশুকে ঘরের পাশে ডোবায় ফেলে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার বিবন্দি গ্রামে এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের মা-বাবাকে আটকের কথা জানিয়েছেন শ্রীনগর থানার ওসি নাজমূল হুদা খান।

হত্যার ঘটনায় শিশুদের বাবা-মা ‘একে অপরকে দুষছেন’। পুলিশের ধারণা, পারিবারিক কলহ থেকে শিশু দুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।

পুলিশ ও স্থানীয় লোকজন বলছেন, বিবন্দী গ্রামের দিন মুজুর সোহাগ শেখ (২৮) বিয়ে করেন বছর দুই আগে। সাত মাস তাদের জমজ মেয়ে হয়। সন্তান হওয়ার পর থেকে তাদের পারিবারিক কলহ লেগে থাকত। তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকলেও কয়েক দিন আগে স্বামীর বাড়িতে যান। সোমবার রাতে সোহাগের ঘরে হট্টোগোল শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে শিশুদের ডোবায় ফেলে দেওয়ার খবর পান। এরপর স্থানীয় লোকজন ডোবায় নেমে শিশু দুটি উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুদের চাচা সাকিব শেখ বলেন, “রাত ৮টার দিকে হঠাৎ সোহাগের ঘর থেকে চিল্লাচিল্লির শব্দ শুনে এগিয়ে এলে শিশুদের মা জানায়, তার স্বামী বাচ্চাদের পুকুরে ফেলে দিয়েছে। কিন্তু সেসময় সোহাগ শেখকে আমি ঘরে দেখতে পাইনি।

“পরে আমি দৌড়ে পুকুরে গিয়ে দেখি উপুড় অবস্থায় শিশু দুইটি পড়ে আছে। তাৎক্ষণিক তাদের উঠিয়ে হাসপাতালে নেই।”

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিনথিয়া নূর বলেন, “দুই শিশুরই পেট ভর্তি পানি ছিল। পানি থেকে তোলার আগেই হয়ত তাদের মৃত্যু হয়েছে।”

শিশুদের মা শান্তা বেগমের অভিযোগ, “তার দিনমজুর স্বামী সোহাগ শেখ ঘর থেকে যমজ দুই শিশুকে নিয়ে ঘরের পাশের ডোবায় ফেলে দেন।”

তবে বাবার অভিযোগ, শান্তা পানিতে ফেলে শিশুদের হত্যা করেছে’।

ঘটনার পর দুজনকে আটকের তথ্য দিয়ে ওসি নাজমূল হুদা বলেন, “স্থানীয়ভাবে পানিতে চুবিয়ে হত্যারও অভিযোগ উঠেছে। তবে মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।”