সুনামগঞ্জে ‘লোক ভাড়া’ করে ঘোষণা দিয়ে সংঘর্ষ-লুটপাট, আহত ২০
শাল্লা থানার ওসি বলেন, খবর পেয়ে ওসি তদন্তসহ পুলিশের একটি দল এবং সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গ্রামের এক পক্ষের লোকজন ‘লোক ভাড়া’ করে এনে ঘোষণা দিয়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত ও বাড়িঘর ভাঙচুর-লুটপাটের ঘটনাও ঘটে।
শনিবার সকালে আটগাও ইউনিয়নের শ্রীহাইল গ্রামে প্রায় দুই ঘণ্টা ধরে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, গ্রামের আফজল মিয়া ও জুবায়ের আহমদ ডালিমের মধ্যে দীর্ঘদিন ধরে খাসজমি দখল, এলাকায় আধিপত্য বিস্তারসসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে।
এর জের ধরে দুই পক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলাও চলছে।
ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফুল মিয়া বলেন, দুপক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে দুইদিন আগে আফজল মিয়ার পক্ষ সাতপাড়া গ্রাম থেকে প্রায় ৫০ জনের মত লোক ভাড়া করে নিয়ে আসেন এবং প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের ঘোষণা দেন।
তিনি আরও বলেন, তাদের এমন প্রকাশ্য ঘোষণার পর থেকেই এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পরে পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সাবেক এ জনপ্রতিনিধি আরও বলেন, আফজল মিয়ার পক্ষের সঙ্গে সংঘর্ষে টিকতে না পেরে ডালিমের লোকজন দিগ্বিদিক চলে যায়। এই সুযোগে ডালিমের পক্ষের অন্তত ১০টি বাড়িতে লুটপাট ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।
এ বিষয়ে আফজাল মিয়ার ভাই ও স্থানীয় ইউপি সদস্য জিয়াদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে তারা আমাদের জমি দখল করে রেখেছে। একাধিকবার আমাদের ওপরে হামলা চালিয়েছে। এবারও হামলা চালালে আত্মরক্ষার খাতিরে আমরা তাদের প্রতিহত করি।”
শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষ ও উত্তেজনার খবর পেয়ে ওসি তদন্তসহ পুলিশের একটি টিম এবং সেনাসদস্যরা ঘটনাস্থলে যায়। তারা সেখানে পৌঁছে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি শান্ত করেছেন।
