অবৈধ বিদ্যুৎ সংযোগ: শেরপুরে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
দুই লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে এ ঘটনায় মামলা করা হয়।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বৈধ সংযোগের পাশাপাশি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা করেছে পিডিবি।
এ ঘটনায় শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে দুই লাখ ২৪ হাজার টাকা জরিমানা দাবিও করা হয়েছে বলে জানান নালিতাবাড়ী পিডিবির আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন।
বিদ্যুৎ বিভাগ জানায়, আড়াইআনী বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান চালানোর জন্য রুকনুজ্জামান বৈধ বিদ্যুৎ সংযোগ নেন। তবে ওই সংযোগের প্রিপেইড মিটারে ১৪ মাস ধরে কোনো রিচার্জ করা হয়নি। বিষয়টি সন্দেহজনক মনে হলে কর্মকর্তারা সংযোগটি পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় বৈধ সংযোগের পাশাপাশি আরেকটি অবৈধ সংযোগ ব্যবহারের প্রমাণ পাওয়া যায় বলে দাবি পিডিবির। ওই সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল বলেও জানায় তারা।
এ ঘটনায় রোববার রুকনুজ্জামানের বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা করা হয়।
এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, “মামলার বিষয়ে খোঁজ নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
