২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা: চাঁদপুরে ৪ মামলায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার ২৫

হাজীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে করা মামলাগুলোয় আসামি করা হয়েছে সহস্রাধিক ব্যক্তিকে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2024, 01:01 AM

Updated : 26 Aug 2026, 10:06 AM

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে চাঁদপুরের হাজীগঞ্জে সহিংসতার টনায় চারটি মামলা করা হয়েছে। 

শনিবার বিকাল পর্যন্ত সহিংসতায় অর্থ জোগানদাতা এবং জামায়াতের শীর্ষ নেতাসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ। 

জানা গেছে, হাজীগঞ্জে কভার্ড ভ্যানে পেট্রোল বোমা ছুড়ে হেলপারকে হত্যা, গাড়িতে আগুন, ভাঙচুর ও সড়কে ব্যারিকেড, পুলিশ ও সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য এবং ৩০২ ধারায় এসব মামলা হয়।

হাজীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে করা মামলাগুলোয় আসামি করা হয়েছে সহস্রাধিক ব্যক্তিকে।

এদিকে নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর শনিবার রাত থেকে হাজীগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এর মধ্যে পুলিশ জামায়াতের হাজীগঞ্জ উপজেলার সাবেক সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পরানসহ বিএনপি ও জামায়াতের ২৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

নাম প্রকাশ না করার শর্তে হাজীগঞ্জ উপজেলা বিএনপির কয়েকজন নেতা জানান, ১৯ জুলাই রাতে দেশব্যাপী কারফিউ জারির পর হাজীগঞ্জে পুলিশের ব্যাপক ধরপাকড় শুরু হয়। এতে হাজীগঞ্জে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন। 

পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে হানা দিচ্ছে। ফলে গ্রেপ্তার এড়াতে সবাই যে যার মতো আত্মগোপনে চলে গেছেন। অনেকে নিজেদের মোবাইলও বন্ধ করে রেখেছেন বলে জানান তারা। 

ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যারা সহিংসতার ঘটনায় জড়িত, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। কাউকে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে না।”